বিমানবন্দরে বিকেএসপির শিক্ষার্থীরাও

ঢাকায় পা রেখেছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় হাজির হয়েছেন দেশের আপামর ক্রীড়াপ্রেমীরা। যেখানে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক শিক্ষার্থী।

সাফ চ্যাম্পিয়ন নারী দলকে অভিনন্দন জানানো ব্যানারে বিকেএসপির অন্তত ৩০-৩৫ জন শিক্ষার্থী দুপুর ১২টা থেকেই অপেক্ষায় ছিলেন বিমানবন্দর এলাকায়। তাদের প্রায় সবার হাতেই রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আনন্দ-উল্লাসে স্বর্ণকন্যাদের বরণের অপেক্ষা করছেন শিক্ষার্থীরা।

আনন্দে মাতোয়ারা বিকেএসপির এক শিক্ষার্থী বলছিলেন, ‘আমরা অনেক খুশি। আমাদের বড় আপুরা অনেক বড় সাফল্য এনে দিয়েছেন। এই চ্যাম্পিয়ন দলকে বরণ করতে আমরা সবাই মিলে এসেছি এখানে। অনেক ভালো লাগছে। তাদের বরণ করতে অপেক্ষার তর সইছে না।’

দেশের খেলাধুলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অবদান অনেক। প্রায় সব খেলায় থাকে বিকেএসপি থেকে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়দের অংশগ্রহণ। ব্যতিক্রম নয় নারী ফুটবলেও। সাফ চ্যাম্পিয়নশিপ জেতা নারী দলেও রয়েছে বিকেএসপির পাঁচ শিক্ষার্থী। তারা হলেন- দুই গোলরক্ষক ইতি রানি ও সাথী বিশ্বাস, ডিফেন্ডার আঁখি খাতুন এবং দুই ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা।

গত সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ শিরোপা জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলে সবগুলো জিতেছে। ২৩ গোল করে হজম করেছে একটি। হার না মানা নারী ফুটবল দলের অন্যরকম দেশে ফেরার অপেক্ষায় সবাই।