বিদ্যা দেবীর সিদ্ধান্তে বিপাকে নেপাল সরকার

নেপালে নাগরিকত্ব আইনের প্রস্তাবিত সংশোধনীতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। গতকাল বুধবার তিনি ওই প্রস্তাবে স্বাক্ষর না করায় তার বিরুদ্ধে দেশের সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এদিকে বিদ্যা দেবীর এমন সিদ্ধান্তে সরকার পড়েছে বিপাকে। 

রয়টার্স জানিয়েছে, ২০১৫ সালের সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান ভাণ্ডারির জন্য ১৬ বছরের পুরনো নেপালের নাগরিকত্ব আইনের এ সংশোধনীগুলো অনুমোদনের সময়সীমা মধ্যরাতে শেষ হয়ে যায়। আইন বিশেষজ্ঞরা বলেছেন, পার্লামেন্টে দুইবার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হওয়া এই সংশোধনী প্রেসিডেন্টের অনুমোদন করা আবশ্যক ছিল। দেশটির সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক বলরাম কে. সি. বলেছেন, আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান এ সংশোধনী অনুমোদন না করে সংবিধানের গুরুতর লঙ্ঘন করেছেন। হয় প্রেসিডেন্ট হিসেবে তার পদত্যাগ করা উচিত না হলে সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে মামলা করা উচিত।