নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁওয়ে এ সংঘর্ষের ঘটনায় একপক্ষ থানায় মামলা করেছে।
গতকাল বুধবার দুপরের দিকে এ ঘটনায় আটক দুজনকে আদালতে প্রেরণ করেছে থানা-পুলিশ। তারা হলেনÑ রুহুল আমিন (২৮) ও আশিকুল (৩২)। ঘটনার পর গত মঙ্গলবার রাতে সজব আলী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাদীর ভাই রজব আলী মৌখিকভাবে প্রতিবেশীদের চলাচলের জন্য তার বাড়ির সামনে জায়গা থেকে প্রায় একশ ফুট রাস্তা দেন। গত মঙ্গলবার বিকেলে রজব আলীকে না জানিয়ে ওই রাস্তাটি আরও প্রশস্থসহ মেরামতের কাজ শুরু করেন প্রতিবেশী আশিকুল ইসলাম (২৮) ও নুরুল আমিন (৩২)। জানতে পেরে রজব আলী ওই রাস্তার কাজে বাধা দেন। এতে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অপরদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের মা-ছেলেসহ অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসী এলাকার আবু বক্করের সঙ্গে একই এলাকার ইয়ানুছ মিয়াদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই সীমানায় চারাগাছ লাগানোকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে ইয়ানুছদের সঙ্গে আবু বক্করদের বাকবিত-া হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।