ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় বন্যহাতি তাড়ানোর জন্য নিজের তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামে। নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। সে কড়ইতলী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে জাহাঙ্গীর বন্যহাতির আক্রমণ থেকে ক্ষেতের ফসল রক্ষায় জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় ফাঁদ পাতেন। কিন্তু অসাবধানতাবশত তিনি ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের দুই ভাই জয়নাল আবেদীন ও জুলহাস মিয়া বলেন, বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় জাহাঙ্গীর দুদিন ধরে জেনারেটরের মাধ্যমে সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় বৈদ্যুতিক ফাঁদের ব্যবস্থা করেছিল। প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর রাতে বন্যহাতির আক্রমণ থেকে আবাদি জমির ফসল রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান একই গ্রামের বৃদ্ধ নওশের আলী।