ময়মনসিংহের গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে ফরিদুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফরিদুল ইসলাম ছিলিমপুর গ্রামের মৃত মোকশেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে অচিন্তপুর ইউপির ছিলিমপুর গ্রামের পুরাতন মোড়ে একটি বেকারির পরিবেশককে মারধরের পর মালামাল ছিনতাই করেন কয়েকজন যুবক। অভিযুক্ত যুবকেরা ছিলিমপুর ও খয়রা দৌলতপুর গ্রামের বাসিন্দা। এদিকে ছিনতাইয়ের ঘটনার পরপরই ওই রাতে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ হয়।
ওই ছিনতাইয়ের ঘটনার জেরে বুধবার দুপুরে ছিলিমপুর বাজারে সংঘর্ষে ফরিদুল ইসলামসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়।
পরিবারের লোকজন ফরিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। পরে বুধবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত ও জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানান।