চুরি যাওয়া টাকা না পাওয়া গেলে সেটা বাফুফে দেবে

সাফ জয়ী নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহারের চুরি যাওয়া টাকা না পাওয়া গেলে বাফুফের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহফুজা খানম কিরণ আজ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

কিরণ জানান, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল। এ সময় তিনি বলেন, ‘ওরা বাচ্ছা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যেগ নিব এটা ওদেরকে দেওয়ার জন্য। ’

একটি বেসরকারি টেলিভিশনকে কৃষ্ণা জানিয়েছিলেন, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল।   তাই আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।’