নারী ফুটবল দলের সাফ জয়ের পর প্রত্যাশার চাপে রয়েছেন জামাল ভূঁইয়ারা। এই ম্যাচে হারলে তাদের সামর্থ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে শুরুতেই গোল করে এগিয়ে গেছে বাংলাদেশ। রাকিব হোসেনের লক্ষ্যভেদে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে।
অথচ নমপেনের মরোদোক টেকো জাতীয় স্টেডিয়ামে র্যাংকিংয়ে এগিয়ে স্বাগতিকরাই। ১৭৪তম স্থানে আছে। বাংলাদেশের অবস্থান ১৯২তম। এই ম্যাচে জিতে র্যাংকিং বাড়িয়ে নিতে চাইছেন কাবরেরা।
শুরুতে ১৪ মিনিটে বাংলাদেশ গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো-ইন থেকে জামাল ভূঁইয়ার প্লেসিং লক্ষ্যে থাকেনি। অল্পের জন্য বাইরে দিয়ে গেছে।
৯ মিনিটের পর ১৯ মিনিটে কম্বোডিয়া আবারও সুযোগ পায়। বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে সিন কাকাডার ডান পায়ের বুলেট গতির শট গোলকিপার আনিসুর রহমান জিকো এক হাত দিয়ে কোনও মতে ফিস্ট করে দলকে রক্ষা করেছেন।
শেষ পর্যন্ত ২৩ মিনিটে বাংলাদেশকে উৎসবে ভাসান রাকিব। মতিন মিয়ার দারুণ এক পাস থেকে রাকিব হোসেন বক্সে ঢুকে দেখেশুনে ডান পায়ের জোরালো শটে কম্বোডিয়ার গোলকিপারকে পরাস্ত করেছেন।