রাশিয়া ও ইউক্রেন প্রায় ৩০০ বন্দি বিনিময় করেছে। সাত মাস আগে ইউক্রেনে রুশ হামলার পর এটাই সবচেয়ে বেশিসংখ্যক বন্দি বিনিময় করার ঘটনা। আল-জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি আরব ও তুরস্ক এর মধ্যস্থতা করেছে।
সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়া প্রায় ২১৫ ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে। চলতি বছরের শুরুর দিকে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ সময় প্রতিরোধ গড়ে তোলা পাঁচ কমান্ডারও তাদের মধ্যে রয়েছেন। বিনিময়ে ৫৫ রুশ নাগরিক এবং রুশপন্থি নিষিদ্ধ একটি দলের নেতা ভিক্টর মেদভেদচুককে মুক্তি দেয় ইউক্রেন। মস্কোপন্থি এই ইউক্রেনীয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। মুক্তি পাওয়া যুদ্ধবন্দিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মরক্কোর নাগরিকও রয়েছেন।