ময়মনসিংহের গৌরীপুরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় এক নির্মাণশ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার ছিলিমপুর বাজারে এ ঘটনা ঘটে। অন্যদিকে গতকাল সকালে ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
গৌরীপুরে নিহত নির্মাণশ্রমিক ফরিদুল ইসলাম ছিলিমপুর গ্রামের মৃত মোকশেদ আলীর ছেলে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, গত ১৬ সেপ্টেম্বর রাতে অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের পুরাতন মোড়ে একটি বেকারির পরিবেশককে মারধর করে মালামাল ছিনতাই করেন কয়েকজন যুবক। অভিযুক্ত যুবকরা ছিলিমপুর ও খয়রা দৌলতপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পরপরই ওই রাতে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ হয়। ওই ঘটনার জেরে বুধবার দুপুরে ছিলিমপুর বাজারে সংঘর্ষে ফরিদুল ইসলামসহ দুইপক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিবারের লোকজন ফরিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বুধবার রাতে তিনি মারা যান। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় দুইপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হওয়ার ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই উপজেলা মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে যুগীপাড়া বাজারে যুগীপাড়া, চরপাড়া, শেরপুর ও মথুরাপুর গ্রামের উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।