কুষ্টিয়ার ভেড়ামারায় ঈদে নতুন জামা চাওয়ায় নিজের দুই শিশু সন্তানকে নদীতে ফেলে হত্যার অভিযোগে বাবা আবদুল মালেককে (৪২) যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আবদুল মালেকের বাড়ি উপজেলার বাহিরচর এলাকায়।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ আগস্ট সকালে ঈদের নতুন জামা চাওয়ায় দুই শিশু সন্তান মুন্নী খাতুন (১০) ও মুনসুরকে (৫) ভেড়ামারা ফেরিঘাট এলাকায় সেলুনে চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান বাবা আবদুল মালেক। এরপর একটি নসিমনে উঠে লালন শাহ সেতুর মাঝখানে শিশুসন্তানদের নামায় এবং প্রথমে মেয়ে শিশু মুন্নী খাতুন ও পরে ছেলে মুনসুরকে পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করে।