বরিশাল, জয়পুরহাটে বিক্ষোভ

বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদ

মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বরিশাল ও জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে যুবদল।

বরিশাল জেলা দক্ষিণ যুবদলের আয়োজনে বেলা ১১টার দিকে নগরের আগরপুর রোড থেকে ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ।

সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, নুরুল আলম কয়েস, উলফৎ রানা রুবেল, আসলাম হোসেন বাচ্চু, মাসুদুর রহমান মাহফুজ, বরিশাল সদর উপজেলা যুবদল আহ্বায়ক উজ্জ্বল হোসেন, সদস্য সচিব আলি হায়দার, সাকলাইন মোস্তাক প্রমুখ।

জয়পুরহাটে গতকাল দুপুরে শহরের রেলস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেটে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।