কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল ধরাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পার্টির বিরুদ্ধে স্বেচ্ছায় কিছু করছেন বলে বিশ্বাস করি না। তবে ম্যাডাম তার ছেলে ও আরও দুয়েকজনের কাছে জিম্মি হয়ে পড়েছেন। গতকাল (বুধবার) বেগম রওশন এরশাদের যে চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সেই চিঠি আমরা আমলেই নিচ্ছি না।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দলটির মহাসচিব।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্র ও ২০ ধারা নিয়ে মসিউর রহমান রাঙ্গার কথা বলা স্ববিরোধী। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এ ধারা ব্যবহার করে সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করেছিলেন। তখন তিনি গঠনতন্ত্রের ওই ধারার সুবিধাভোগী হয়েছেন। তখন তো মসিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের এ ধারার বিরোধিতা করেননি।