নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের সব শাখায় বিশেষ অবদান রাখায় ২০১৯ ও ২০২০ সালের জন্য ‘শিল্পকলা পদক’ পেয়েছেন ১৮ জন গুণী ব্যক্তি ও দুটি সংগঠন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এক অনুষ্ঠানে এ পদক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। স্বাগত বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
‘শিল্পকলা পদক’ ২০১৯ ও ২০২০ প্রাপ্ত গুণিজনরা হলেনÑ নাট্যকলায় মাসুদ আলী খান ও মলয় ভৌমিক, কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ ও মাহমুদুর রহমান বেণু, চারুকলায় আবদুল মান্নান ও শহিদ কবীর, চলচ্চিত্রে অনুপম হায়াৎ ও শামীম আখতার, নৃত্যকলায় লুবনা মারিয়াম ও শিবলী মহম্মদ, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য্য ও শাহ আলম সরকার, যন্ত্রসংগীতে মো. মনিরুজ্জামান ও মো. সামসুর রহমান, ফটোগ্রাফিতে এম এ তাহের ও আ ন ম শফিকুল ইসলাম স্বপন, আবৃত্তিতে হাসান আরিফ ও ডালিয়া আহমেদ। এ ছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ ও ‘দিনাজপুর নাট্য সমিতি’ পুরস্কৃত হয়েছে।
একাডেমির মহাপরিচালক জানান, করোনা মহামারীর কারণে ‘শিল্পকলা পদক’-এর অনুষ্ঠান স্থগিত থাকায় এ বছর ২০১৯ ও ২০২০ দুই বছরের পদক একসঙ্গে দেওয়া হয়। ২০১৯ সালে ১০ জন এবং ২০২০ সালে একটি সংগঠনসহ ১০ জন করে ২০ জনকে এ পদক দেওয়া হয়।