নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে ঢাকার পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাফিজুর রহমান বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে। তিনি ঢাকার তেজকুনী পাড়া এলাকায় ফ্রিল্যান্সারের কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, গত শুক্রবার বিকালে হাফিজুর জ্বরে আক্রান্ত হন। পরদিন পরীক্ষা-নিরীক্ষায় তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত বলে রিপোর্ট আসে। এরপর তাকে প্রথমে ঢাকা বিআরবি হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে বুধবার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার ভোররাতে তিনি মারা যান।