ডেঙ্গুতে ৫০ মৃত্যু: ঢাকায় ২৩, কক্সবাজারে ১৮

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছেন ২৯ জন। এই মৃত্যুর বড় অংশই ঢাকা মহানগর ও কক্সবাজার জেলায়। ঢাকা মহানগরে ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন। কক্সবাজারে এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পানি জমে থাকছে। পাশাপাশি মশার লার্ভা ও উড়ন্ত মশা মারার উদ্যোগ কম। রোহিঙ্গাদের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরের ৯২ জন ও ঢাকার বাইরের ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৫১৪ জন ডেঙ্গু রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার জন।

সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। তবে জুন থেকে সেপ্টেম্বর—এই চার মাস মূল মৌসুম। চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আগস্ট মাসে আক্রান্ত হয়েছে সাড়ে তিন হাজার ব্যক্তি। সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনেই আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮১৯ জন।