চট্টগ্রামের সীতাকুন্ড

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের ফের সতর্ক করল প্রশাসন

চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে অবৈধভাবে বসতি গড়ে বসবাসরত ১ হাজার ভূমিহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। চাল, ডাল, লবণ, চিনি, তেলসহ ৮ প্রকারের শুকনো খাবার মিলিয়ে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সলিমপুর ইউনয়ন পরিষদ প্রাঙ্গণে এই উপলক্ষে সভার আয়োজন করা হয়। এতে জঙ্গল সলিমপুরের অধিবাসীদের সন্ত্রাসীদের সঙ্গে না থাকার বিষয়ে স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরের প্রকৃত ভূমিহীন ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণের পাশাপাশি আলীনগর ও জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীরা যাতে ভুল বুঝিয়ে তাদের সরকারের বিরুদ্ধে দাঁড় করাতে না পারে সেজন্য প্রকৃত সত্য তুলে ধরার পাশাপাশি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়। আলাচনাসভায় চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক  (এলএ) মাসুদ কামাল উপস্থিত ছিলেন। এছাড়া সীতাকু- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, পিআইও মো. আলমগীর, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন চলমান উচ্ছেদ অভিযানের কথা উল্লেখ করে বলেন, উচ্ছেদ কার্যক্রম চলবে আলীনগরের ভূমিদস্যু ও পাহাড়খেকো সন্ত্রাসীদের বিরুদ্ধে। ছিন্নমূল গরিব, অসহায়, সাধারণ মানুষকে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। সভায়  জঙ্গল সলিমপুরের বাসিন্দারা সন্ত্রাসীদের সঙ্গে না থাকা ও সরকারের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ^াস দেন।