আওয়ামী লীগ সর্বদা মাঠে আছে, মাঠে থাকবে। কারণ বিগত দিনে বিএনপি আন্দোলনের কথা বলে যে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে, তখন জনগণের শান্তি রক্ষা করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। আগামীতেও বিএনপি-জামায়াতের কোনো সন্ত্রাসী কর্মকা- দেখলে তাদের প্রতিহত করতে মাঠে নামবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদেশের জনসাধারণের দল, তাদের প্রয়োজনে মাঠে তো থাকবেই।
গতকাল শুক্রবার দুপুরে মাদারীপুরে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ শাজাহান খান একথা বলেন।
মুন্সীগঞ্জে যুবদলকর্মী নিহতের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বাঁশের মাথায় জাতীয় পতাকা টাঙিয়ে সংঘর্ষের জন্যই মাঠে আন্দোলন করছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন মারা গেছে। এ কারণে আমরাও দুঃখিত। আওয়ামী লীগও চায়, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন, মিছিল-মিটিং করুক। তারা যদি পুলিশের ওপর হামলা চালায়, তাহলে পুলিশ তো বসে থাকবে না।’
এর আগে মাদারীপুর শহরের এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে অনুভব বহুমুখী সমবায় সমিতি মাদারীপুর জেলার শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান ও আঞ্চলিক কমিটির পরিচিত সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডেল। পরে শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট, আর্থিক অনুদান ও সনদ দেওয়া হয়।