করোনা শনাক্তের হার ১৫% ছাড়াল

দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে। টানা ৫ দিন ধরে দৈনিক নতুন রোগীর সংখ্যা ৬ শতাধিক। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৩১ জনের। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬২০ জন। এ সময় মারা গেছে ১ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ, যা আগের দিন ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ। এর আগে ১০ জুলাই এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৬৫টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬১ শতাংশ। আর মৃত্যুহার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬২০ জন। এর আগের দিন গত বৃহস্পতিবার নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬৭৮ জন। ১৯ সেপ্টেস্বর নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬০১ জন। এরপর থেকে নতুন রোগীর সংখ্যা ৬০০-এর নিচে আর নামেনি।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৪৭১ জনই ঢাকা জেলার বাসিন্দা। বাকি ১৪৯ জন দেশের অন্যান্য জেলার বাসিন্দা। এক দিনে দেশের ৩৯ জেলায়ই নতুন রোগী পাওয়া গেছে। এক দিনে মারা যাওয়া পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে করোনায় নতুন রোগী ও মৃত্যু নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪৭ জনের।