লিভারপুলের গুডিসন পার্কে ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেয়ে ছবি তুলতে মোবাইল বাড়িয়েছিল ১৪ বছর বয়সী এক এভার্টন সমর্থক। ইংলিশ প্রিমিয়ার লিগে সেদিন এভার্টনের কাছে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাই প্রতিপক্ষ দলের আবদারকালে মেজাজ ধরে রাখতে পারেননি সি আর সেভেন। ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনটি আছড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলেছিলেন।
সেই ঘটনার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোড়ন পড়ে যায়। রোনালদো ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু ক্ষিপ্র মেজাজের জন্য ইংল্যান্ডের ফুটবল সংস্থা (এফএ) শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করেছে।
ঘটনার পর গণমাধ্যমে সেই কিশোর দর্শকের কাছে ক্ষমাপ্রার্থনা করে রোনালদো লিখেছিলেন, ‘রাগের মাথায় কাজটা করে ফেলেছি। এর জন্য ক্ষমা চাইছি। যদি সম্ভব হয়, আমি সেই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাইব।’
তাতেও অবশ্য খুব একটা লাভ হয়নি। গত অগস্টে রোনাল্ডোকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে অপমান করা এবং সম্পত্তির ক্ষতি করার অভিযোগ ওঠে।
শুক্রবার এফএ এক বিবৃতিতে জানায়, ‘নিয়ম ভেঙেছেন রোনালদো। গত ৯ এপ্রিল এভার্টনের বিরুদ্ধে ম্যানইউয়ের ম্যাচ শেষ হওয়ার পরে যে আচরণ তিনি করেছেন, তা অবাঞ্ছিত ও হিংসাত্মক।’