চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিংগুলী ইউনিয়নে সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।
শুক্রবার নিহত যুবলীগ নেতার বাড়িতে উপস্থিত হয়ে তিনি এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করেন সমবেদনা জানান।
এ সময় নিয়াজ মোর্শেদ এলিট বলেন, দল ক্ষমতায় আছে দীর্ঘ এক যুগের বেশি। খুব খারাপ লাগে, যখন দেখি আমার যুবলীগের ভাইয়ের রক্তে লাল হয়ে যায় বাংলার মাটি। শহিদুল ইসলাম আকাশের জনপ্রিয়তাকে ভয় পেয়ে যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি ন্যায় বিচারের স্বার্থে সবাইকে শোকগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানাই।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশে আকাশের মতো অসংখ্য যুবলীগ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একজন যুবলীগকর্মীর শরীরে রক্তক্ষরণ হলে আমাদের মনে সেই রক্তক্ষরণ হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের মানবিক যুবলীগের একজন কর্মী হয়ে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের হত্যার সুস্পষ্ট বিচার দাবি করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আছিফ রহমান শাহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা ইমতিয়াজ অভি, শওকত আজিম রিংকু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, উপ মুক্তিযোদ্ধা ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম রানা, উপ কর্মসুচিবিষয়ক সম্পাদক আহসান উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে শহিদুল ইসলাম আকাশকে মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।