জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যয় ১৬৬ কোটি ইয়েন নির্ধারণ করা হয়েছে। এই ব্যয় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে করা ব্যয়ের চেয়েও বেশি দাবি করে সমালোচনা শুরু হয়েছে। যদিও রানীর শেষকৃত্যে প্রকৃত ব্যয় কত তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।
এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ বেশি হওয়া নিয়ে জাপানিরা প্রশ্ন তুলেছেন।
স্থানীয় সংবাদ সংস্থা কিয়োদো পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ বলেছেন সরকার আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেক বেশি খরচ করছে।
ধারণা করা হচ্ছে, এই বরাদ্দের অর্ধেকই নিরাপত্তার পেছনে ব্যয় হবে। এছাড়া এক-তৃতীয়াংশ ব্যয় হবে বিদেশি অতিথিদের অভ্যর্থনায়। আন্তর্জাতিক অঙ্গনের প্রায় ৭০০ অতিথি আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। অতিথিদের তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
গত ৮ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় এক জনসমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ঘাতকের গুলিতে প্রাণ হারান ৬৭ বছর বয়সী শিনজো আবে।