হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। নিহত দুই কৃষক হচ্ছেন উপজেলা সদরের উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর গ্রামের আবদুল করিম (৬৫) ও নূর উদ্দিন (৫০)।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, সকালে পিটাবাড়ি হাওরে কৃষিজমিতে কাজ করতে যান ওই দুই কৃষক। হঠাৎ বজ্রপাতে তারা দুজন ঘটনাস্থলে মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, বানিয়াচং হাওরবেষ্টিত বড় একটি উপজেলা। ইতিমধ্যে বজ্রপাত নিরোধক ৭টি যন্ত্র স্থাপন করেছি। একেকটি যন্ত্রের কার্যকারিতা হচ্ছে ১০০ মিটার। যত দ্রুত সম্ভব আরও বজ্রপাত নিরোধক যন্ত্র  স্থাপনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করব।