পার্বতীপুর জংশন ফুটওভার ব্রিজে ঝুঁকিপূর্ণ পারাপার

দিনাজপুরের পার্বতীপুর রেল জংশনের পথচারী পারাপারের ফুটওভার ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কংক্রিটের পাটাতন দীর্ঘদিন সংস্কার না করায় সিঁড়িসহ অনেক স্থানে ভেঙে গেছে। ভেঙে যাওয়া সিঁড়িতে সতর্কতা হিসেবে লাল কাপড় টানিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। ভাঙা সিঁড়িগুলোর অবশিষ্ট অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। গুরুত্বপূর্ণ এই জংশনের ফুটওভার ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

স্টেশন সূত্রে জানা যায়, প্রতিদিন পার্বতীপুর স্টেশন দিয়ে আন্তঃনগর, মেইল, লোকালসহ প্রায় ৩৬টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনেরই পার্বতীপুর জংশনে স্টপেজ রয়েছে। এ জন্য হাজার হাজার যাত্রীকে স্টেশনে যাতায়াতের জন্য এই ব্রিজ পারাপার হতে হয়। স্থানীয়রাও দুই পারে চলাচলের জন্য এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে। এ ছাড়া পূর্ব পাশের স্কুলগামী শিক্ষার্থীদের এই ব্রিজ পার হয়ে পার্বতীপুর সরকারি কলেজ এবং গার্লস উচ্চবিদ্যালয়ে যেতে হয়। আবার পশ্চিম পাশের কলেজগামী শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ এ ব্রিজ পার হয়ে জ্ঞানাংকুর পাইলট উচ্চবিদ্যালয় ও বালিকা বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়ে যেতে হয়। ব্যাপক ঝুঁকি নিয়ে এ ব্রিজ পারাপার হয় শিক্ষার্থীরা।

এ বিষয়ে রেলওয়ের পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ওয়ার্ক) শরিফুল ইসলাম বলেন, ‘ফুটওভার ব্রিজে লাল কাপড় টানিয়ে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ার বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’