হরিণাকুন্ডুতে গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। কাঁসার ঝনঝনানি আর বাদ্যের তালে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
গ্রামটির পূর্বপাড়ার যুবসংঘ আয়োজন করে এ খেলার। সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ লাঠিখেলা। খেলোয়াড়রা লাঠি হাতে নাচ ও কসরত দেখিয়ে উপস্থিত শত শত দর্শককে মুগ্ধ করেন।
তারা একে অপরের সঙ্গে লাঠিযুদ্ধে লিপ্ত হয়ে এবং লাঠি দিয়ে অন্যের আক্রমণ ঠেকিয়ে অদ্ভুত সব কসরত দেখিয়ে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন।
দর্শকরাও করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এ লাঠি খেলা দেখতে পোলতাডাঙ্গা গ্রামে হাজির হন নানা বয়সের নারী-পুরুষ।
তোলা গ্রামের লাঠিয়াল সর্দার মন্টু হোসেন বলেন, বিভিন্ন অনুষ্ঠানে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও বিনোদন দিতে আমরা লাঠি খেলা দেখাই। তাদের আনন্দে আমরা মজা পাই। এ খেলা আমাদের পূর্ব-পুরুষের।
পোলতাডাঙ্গা গ্রামের আয়োজক কমিটির আব্দুল গাফ্ফার বলেন, মাঠের স্বল্পতা আর ভিডিও গেমসের কারণে আমাদের শিশুরা ঘরমুখো। প্রথমবারের মতো আমরা গ্রামীণ এ খেলার আয়োজন করি। আগামীতে আরও বড় করে লাঠি খেলা করানো হবে।
শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।