স্কাউটসের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই

গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের টপ লিডার সামিট ও প্রধান জাতীয় কমিশনারের সঙ্গে সংগঠনের ২২টি বিভাগের জাতীয় কমিশনারদের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সংগঠনের জাতীয় কমিশনার ও জাতীয় উপকমিশনারদের দিনব্যাপী সামিট শেষে এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শুক্রবার রাতে বাংলাদেশ স্কাউটসের সহসভাপতি প্রফেসর নাজমা শামসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ড. শাহ কামাল, জাতীয় কমিশনার ফেরদৌস আহমেদ, সাবেক বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দুল ইসলাম মল্লিক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সচিব এসএম জিয়াউল আলম, মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ আলম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক কে এম সাইদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এসব কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পর্যায়ের ৮০ জন কর্মকর্তা যোগদান করেন।