প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বখাটে আটক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১১ বছর বয়সী এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল মিয়া (২২) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগীর দাদা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের দেড় ঘণ্টার মধ্যে জুয়েলকে আটক করে পুলিশ।

অভিযুক্ত জুয়েল মিয়া উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের নেকবর আলী ছেলে। 

ভুক্তভোগী ওই শিশু সমাজসেবা কার্যালয়ের ভাতাভোগী একজন প্রতিবন্ধী। দীর্ঘদিন আগে ভুক্তভোগীর বাবা প্যারালাইজড হওয়ার পর শিশুটির মা অন্যত্র বিয়ে করে চলে যান। এরপর থেকে ভুক্তভোগী শিশু তার দাদা-দাদির কাছে থাকেন।

মামলার বাদী ও ভুক্তভোগীর দাদা জানান, শনিবার দুপুরের দিকে আমার নাতি বাড়ির পাশে খেতের আইলে গরুর জন্য ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশী দুই নারী নাতিকে ধর্ষণ করতে দেখে আমার স্ত্রীকে জানায়। ভুক্তভোগীর দাদিকে দেখে জুয়েল মিয়া দৌড়ে পালিয়ে যায়। এসময় নাতিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। মামলা করার দেড় ঘণ্টার মধ্যে অভিযুক্ত জুয়েলকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ভুক্তভোগী পুলিশ হেফাজতে রয়েছে। সকালের দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। ২২ ধারায় জবানবন্দি রের্কডের জন্য ভুক্তভোগী ও আটক জুয়েল দুজনকে জেলা আদালতে পাঠানো হবে।