কলকাতা শহরের অন্ধকার জগতের গল্প বলবে 'ক্যালকাটা ৯৯'

এবার বড় পর্দায় ফুটে উঠবে এই শহরের গল্প। ৯-এর দশকের শেষ দিকে কলকাতা শহরের অন্ধকার জগতের গল্প বলবে 'ক্যালকাটা নাইনটি নাইন'। মহালয়ার শুভক্ষণে মুক্তি পেল ছবির অফিসিয়াল নাম ও টিজার পোস্টার।

জানা গেল, 'ক্যালকাটা ৯৯'-এ দেখা যাবে বেশকিছু জনপ্রিয় অভিনেতাশিল্পীদের। তবে এখনই তাদের নাম প্রকাশে নারাজ ছবির নির্মাতারা। এই ছবিতে কারা অভিনয় করছেন আপাতত তা নিয়ে সিনেপ্রেমীদের ধোঁয়াশায় রাখছেন নির্মাতারা।

পরিচালক জয়ব্রত দাস জানান, 'বেশ কিছু নামকরা অভিনেতা-অভিনেত্রী থাকবেন এ ছবিতে। কিছুদিনের তাদের নাম জানা যাবে।'

'ক্যালকাটা নাইনটি নাইন'-এ পোস্টারে দেখা যাচ্ছে বৃষ্টিভেজা, জলমগ্ন কলকাতার ছবি। আর রেইনকোট পরে তার মধ্যে দিয়েই হেঁটে চলেছেন দুজন পুলিশ কর্মকর্তা। এদের মধ্যে বয়সে একজন নবীন আর আরেকজন প্রবীণ।

ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অর্ণব লাহা। জয়ব্রত ও অর্ণব এঁরা দুজনেই সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র। প্রমোদ ফিল্মস আর কুইনটেলস এন্টারটেনমেন্ট এর ব্যানারে, প্রতীক চক্রবর্তী ও কুইনটেলস এন্টারটেনমেন্ট এর যৌথ প্রযোজনায় 'ক্যালকাটা নাইনটি নাইন'। এই ছবি সহপ্রযোজক শাশ্বত চট্টোপাধ্যায়। ডিরেক্টর সৌমজিৎ আদক এই সিনেমাতে ক্রিয়েটিভ প্রডিউসার এর ভূমিকায়।

'ক্যালকাটা ৯৯'-এর সঙ্গীত পরিচালনা করবেন ঋণি পাণ্ডা। সঙ্গীত পরিচালক হিসাবে সিনেমাতে এটাই তার প্রথম কাজ। পোস্টারটি ডিজাইন করেছে একতা ক্রিয়েটিভ টেলস।