নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বাবাকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এ ঘটনায় গত শনিবার মধ্যরাতে ফতুল্লার ওয়াপদাপুল এলাকা থেকে আবির হোসেন (১৯) ও সাব্বির আহমেদ (২০) নামে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন আপন ভাই।
মামলা সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ অলিপাড়া কসাইপট্টিতে দারুল আরকাম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও তার বান্ধবী এনায়েতনগর কিন্ডারগার্টেন স্কুলের সপ্তম শ্রেণিতেপড়ুয়া ছাত্রী একসঙ্গে যাতায়াত করত। পথে আবির ও তার ভাই সাব্বির তাদের উত্ত্যক্ত করে আসছিল। এর মধ্যে গত ২২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে মাদ্রাসাপড়–য়া ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়। ওই ছাত্রীর বাবা প্রতিবাদ করলে গত শনিবার রাত ৯টার দিকে তাকে এলোপাতাড়িভাবে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, মামলার এজাহারনামীয় দুই আসামিকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে।