নেশন্স লিগে ফের ফ্রান্সকে হারালো ডেনমার্ক

উয়েফা নেশন্স লিগে সেদিনই সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল হাঙ্গেরি। এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ফের চমক দিয়েছে ডেনমার্ক। গত জুনে উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ফরাসিদের মাঠে গিয়ে তাদের ২-১ গোলে হারিয়ে এসেছিল ডেনিশরা। এবার নিজেদের মাঠে ২-০ গোলে জিতলো তারা।

ফ্রান্সের বিপক্ষে খেলতে নামলেই যেন বাড়তি উদ্যম কাজ করে ডেনিশদের। রবিবার রাতে নেশনস লিগে গ্রুপের শেষ ম্যাচেও যেন সেটারই প্রতিফলন ঘটলো। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে এ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচটিতে দুই দলই লড়েছে সমানে সমান।

গোলের জন্য লক্ষ্য বরাবর সমান সাতটি শটই করে দুই দল। কিন্তু প্রথমার্ধে ছয় মিনিটের ব্যবধানে ডেনমার্ক পেয়ে যায় দুই গোল। ফ্রান্স করতে পারেনি একটিও।ম্যাচের ৩৩ মিনিটে ক্যাসপার ওলবার্গ করেন প্রথম গোল। পরে ৩৯ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান আন্দ্রেস স্কভ ওলসেন।

ম্যাচের দুই অর্ধেই দারুণ কিছু সুযোগ পাওয়া কাইলিয়ান এমবাপে, অ্যান্টনিও গ্রিজম্যানরা হতাশ করলে সহজ হয় ডেনমার্কের জয়। অবশ্য জিতেও কোনো লাভ হয়নি ডেনমার্কের। মাত্র এক পয়েন্টের জন্য দুই নম্বরে থেকে শেষ করলো তারা। ফ্রান্স কোনোমতে ৫ পয়েন্ট নিয়ে নেশনস লিগে নিজেদের জায়গা বাঁচিয়ে রেখেছে।  

অন্যদিকে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই গ্রুপ থেকে নেশনস লিগের ফাইনালসে খেলবে ক্রোয়েশিয়া। শেষ দিন অস্ট্রিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এই ম্যাচে অস্ট্রিয়া জিতলে ৭ পয়েন্ট নিয়ে টপকে যেতো ফ্রান্সকে। সেক্ষেত্রে নিচের স্তরে নেমে যেতে হতো বিশ্ব চ্যাম্পিয়নদের।