জাতীয় ক্রিকেট লিগে সাত বছর পর শিরোপা ফিরে পেয়েছিল ঢাকা বিভাগ। এবারের আসর তাই মাঠে গড়াবে তাদের ম্যাচ দিয়েই। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১০ অক্টোবর রংপুর বিভাগের সঙ্গে মুখোমুখি হবে ঢাকা।
একই দিনে শুরু হবে আরও তিন ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রামের।
টায়ার-টুর ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে আসরের সফলতম দল খুলনা ও ঢাকা মেট্রো, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী ও বরিশাল।
অক্টোবরের ১৭ তারিখে শুরু হবে দ্বিতীয় রাউন্ড, মিরপুরে লড়বে রংপুর-চট্টগ্রাম আর বিকেএসপিতে ঢাকা-সিলেট। কক্সবাজারে মুখোমুখি হবে খুলনা-বরিশাল, চট্টগ্রামে রাজশাহী-ঢাকা মেট্রো।
প্রথম দুই রাউন্ডের পর মিরপুরে আর খেলা নেই, এবার দীর্ঘদিন পর জাতীয় লিগের খেলা হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। নারীদের এশিয়া কাপ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটো মাঠও ব্যবহার করা হবে জাতীয় লিগের জন্য।