পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় সোমবার (২৬ সেপ্টেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সকলেই নারী ও শিশু। এ নিয়ে মরদেহ উদ্ধারের সংখ্যা ৪৩ জনে দাঁড়াল। ঘটনার তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) মহালয়া উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরের দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় একটি নৌকা উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, নৌকাটিতে দেড় শতাধিক যাত্রী ছিলেন। কিছু মানুষ সাঁতরে নদীর তীরে ফিরতে পারলেও অনেকে নিখোঁজ থাকেন।
রবিবার ২৫ জনের লাশ উদ্ধার করা হয়। পরে রাতে নদীতে তল্লাশি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। সোমবার ভোর সাড়ে ৫টায় নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। রাজশাহী, রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ডুবুরি দলও এখন অভিযানে অংশ নিচ্ছেন।