বলিউডের বাদশার কাছে বয়সটা একটা সংখ্যা মাত্র। তিন দশক ধরে হিন্দি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। ৫৬ বছর বয়সেও শাহরুখের জনপ্রিয়তা কমেনি। চলতি মাসে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’র অতিথি চরিত্র করেও মুগ্ধতা ছড়িয়েছেন। তবে সেটা যেন নতুন ছবিতে শাহরুখকে দেখার অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। আগেই জানা গেছে, আগামী বছর ‘পাঠান’ দিয়ে প্রায় পাঁচ বছর পর বড়পর্দায় ফিরবেন তিনি। গত রবিবার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ছবিটিতে শাহরুখের নতুন লুক। শার্টহীন ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের এইট প্যাক অ্যাবসের ছবি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘আমার শার্টের প্রতি তুমি থাকলে কেমন হতো... তুমি এ কথায় কী ভাবতে, তুমি এ কথায় অনেক হাসতে... তুমি
থাকলে এমনই হতো... আমিও ‘পাঠান’-এর অপেক্ষায় আছি।’ তাকে এই লুকে দেখে ভক্তরা উচ্ছ্বসিত। মন্তব্যের ঘরে প্রিয় অভিনেতার নতুন লুকের প্রশংসা করে মন্তব্য করছেন। এক ভক্ত লিখেছেন, ‘২০২৩ সাল শুধুমাত্র আপনার! আগামী বছর আপনার তিনটি ছবি আসবে। যখনই আমি ভাবী, এ ছবিগুলোর জন্য আপনি কতটা কঠোর পরিশ্রম করছেন, তখন এটা আমাকে আবেগপ্রবণ করে তোলে। আমার হিরো, আপনাকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা!’ ছবিতে আরও রয়েছেন জন আব্রাহাম, ইমরান হাশমি। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। শাহরুখ এখন ‘জওয়ান’ ও ‘ডানকি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবি দুটিও মুক্তি পাবে ২০২৩ সালে।