গৃহবধূকে ধর্ষণ ও হত্যায় ৯ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।

দ-িতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার মোহাম্মদ রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল, আবদুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও আবদুল বাতেন। এদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক। এ ছাড়া আনোয়ার নামে আরেক আসামি মারা যাওয়ায় তাকে খালাশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১১ সালের মার্চ মাসে বিষয়খালী গ্রামের আরব আলীর স্ত্রী রেণু বেগমকে তুলে নিয়ে পাশর্^বর্তী বাঁশবাগানে নিয়ে রাতভর ধর্ষণ করে আসামিরা। পরে ওই নারীকে হত্যা করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী হয়ে পরদিন ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

মামলার বাদী নিহতের স্বামী আরব আলী বলেন, ‘দীর্ঘদিন পর হলেও বিচার পেয়ে আমরা খুশি। এই রায় যেন কার্যকর হয়।’ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বজলুর রহমান বলেন, ‘১০ জনের যাবজ্জীবন কারাদন্ড হলেও একজন মারা যাওয়ার কারণে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। বিচারক পলাতক আসামিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।’