মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০০৬ সালে শহিদুল ইসলাম হত্যার প্রধান পরিকল্পনাকারী মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি শাহিন আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। আত্মগোপনে থাকার পর গত সোমবার রাতে মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হক এই তথ্য জানান।
তিনি বলেন, ‘শাহিন আলম ১০ বছর জেল খেটে ২০১৬ সালে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়। পরে আর কখনো হাজিরা দেয়নি। সে ফেরিওয়ালা, গার্মেন্ট অপারেটর, রাজমিস্ত্রি, ইলেকট্রিক ও স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। সর্বশেষ পরিবারসহ দেশত্যাগের পরিকল্পনা করে।’