সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয় করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে খেলা শেষ করেই ধরেছেন দেশের পথ। বুধবার সকাল দেশেও চলে এসেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন টাইগাররা।
আজ সকাল ৮টায় দুবাই থেকে রাজধানী ঢাকায় পা রেখেছে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে আরব আামিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সোহানের দল। প্রথমটিতে টাইগাররা পায় ৭ রানের জয়। আর কাল রাতে শেষ ম্যাচে জয়ের ব্যবধান ৩২ রানের।
প্রত্যাশিত সিরিজ জয়টুকুই সার, অপ্রত্যাশিত কিছু বহু দূরে। পারফরমেন্স প্রত্যাশার মাত্রা স্পর্শ করতে পারেনি। বরং প্রত্যাশার চেয়েও খারাপ হয়েছে। দুই ম্যাচের একটিতেও ব্যাটিং ভাল হয়নি। প্রথম ম্যাচে আফিফ হোসেন ধ্রুবর ৭৭ রানের ইনিংসটি ছাড়া আর একটি ফিফটিও নেই।
পারফরম্যান্সকে মানদণ্ড ধরলে জাতীয় দলের দুবাই মিশন অনুজ্জল ও শ্রীহীন। এখন নিউজিল্যান্ড মিশন। আগামী ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে ১১টায় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে শুরু হবে যাত্রা। পরে ৭ অক্টোবর ক্রাইস্টচার্চে তিন জাতি ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সিপিএল খেলে সরাসরি ওয়েষ্ট ইন্ডিজ থেকে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক সাকিব।