‘আমরা যখন নেপালে ম্যাচ বাই ম্যাচ জয় পাচ্ছিলাম, তখনই একদিন আমাকে ফোন দিলেন মুকুল ভাই (রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান)। ফোনে তিনি আমায় বলেন বাবু ভাই আপনারা চ্যাম্পিয়ন হয়ে আসেন, আমি একটা বিরাট সংবর্ধনা দেবো। শুধু ফোনেই না, দেশে ফেরার পর বিমানবন্দরেও তিনি একই প্রতিশ্রুতি দেন। গতকাল নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর আজকেই তার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করলেন মুকুল ভাই।’
বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এসব কথা বলেন। দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রজেক্ট— দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’য় সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে রূপায়ণ গ্রুপ। সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বাবু রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানান।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তিনি বাফুফেকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ‘মেয়েরা কঠোর পরিশ্রম করেছে গত কয়েক বছর। যে পরিশ্রমের ধারাবাহিকতায় সাফে সাফল্য এসেছে। তাদের পক্ষ থেকে, বাফুফে ও নারী ফুটবল দলের পক্ষ থেকে রূপায়ণকে অনেক ধন্যবাদ আমাদের মেয়েদেরকে সংবর্ধিত ও পুরস্কৃত করার জন্য।’