চতুর্থ নেপাল কালচারাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ক্যাটাগরিতে অফিশিয়াল সিলেকশন হয়েছে তরুণ নির্মাতা শাহারিয়ার চয়নের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাম্ব’। ৩৪টি দেশের ৭২টি ফিল্ম প্রদর্শিত হবে উৎসবে। যার মধ্যে ১৫টি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। ‘ডাম্ব’ চলচ্চিত্রটি ইতিমধ্যেই বেশকিছু ফেস্টিভালে মনোনীত হয়েছে। যার মধ্যে রয়েছে ‘চতুর্থ মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভাল, টরেন্টো, কানাডা’, ‘হামিংবার্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, ইন্ডিয়া’, ‘২০তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, বাংলাদেশ’, ‘গোয়াহাটি ফিল্ম ফেস্টিভাল, ইন্ডিয়া, ‘পঞ্চম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভাল, ইন্ডিয়া’, ‘সিনে মেকিং ইন্টারনাশনাল ফিল্ম ফেস্টিভাল, বাংলাদেশ’। চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি ও পরিচালনা করেছেন শাহারিয়ার চয়ন। ড্রিম মেকিং প্রডাকশনের ব্যানারে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন সীমা, শান্ত, আতিকুর রহমান লাকি, নরুল আমিন মধু। এর গল্প ১২ বছরের শিশু শান্তকে নিয়ে। গ্রামে ভালো রেজাল্ট করায় বাবা মেয়েকে শহরের চাচার বাসায় নিয়ে আসে। শহরের এসে চাচার যৌন নির্যাতনের শিকার হয়, কিন্তু চাচি সব বুঝতে পেরেও স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না। রাজশাহীতে চিত্রায়িত হয়েছে ছবিটি।