জাপা নেতাকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় পার্টির (জাপা) এক নেতাকে কুপিয়ে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গুদিঘাটা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আক্রান্ত ওই নেতার নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং তুষখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল তুষখালী থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মঠবাড়িয়া আদালতে একটি মামলার হাজিরা দেওয়ার জন্য যাচ্ছিলেন। গুদিঘাটা গ্রামের ভাঙ্গাপুল এলাকায় পৌঁছলে চার-পাঁচজন লোক তার পথরোধ করে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা শফিকুলের শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে এবং বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে।

পরে স্থানীয় লোকজন শফিকুলকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল সাংবাদিকদের জানান, কী কারণে শফিকুলের ওপর হামলা হয়েছে প্রাথমিকভাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।