বাল্টিক সাগরের তলদেশে রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের ক্ষয়ক্ষতি হলে এ থেকে যুক্তরাষ্ট্রের লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন সেখানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে এমন দাবি করেন তিনি।
গতকাল শনিবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, নর্ড স্ট্রিম পাইপলাইন সিস্টেমের ক্ষতি থেকে গ্যাস বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অনেক লাভ আছে। তবে সম্প্রতি এই পাইপলাইনে অন্তত চারটি রহস্যজনক লিক পাওয়ার ঘটনায় সরাসরি ওয়াশিংটনকে দোষারোপ করেননি তিনি।
শুক্রবার মূলত রাশিয়ার উদ্যোগে নর্ড স্ট্রিম পাইপলাইনে রহস্যজনক লিক নিয়ে আলোচনায় বসে নিরাপত্তা পরিষদ। বৈঠকে একটি প্রধান প্রশ্ন ছিল, পাইপলাইন ধ্বংস হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের লাভবান হওয়ার সুযোগ রয়েছে কিনা? উত্তরে ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘নিঃসন্দেহে’। তিনি বলেন, ‘আমেরিকান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারীদের ইউরোপে এলএনজি সরবরাহের বহুগুণ বৃদ্ধি উদযাপন করা উচিত।’