ফেইসবুকে সম্পর্ক

তরুণীকে ধর্ষণ ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রেমের অভিনয় করে চাকরিজীবী এক নারীকে ধর্ষণ ও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামে। এ ঘটনায় ওই প্রতারকের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুর থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি ভুক্তভোগী তরুণী। গতকাল শনিবার বিয়ের দাবি নিয়ে ওই যুবকের বাড়িতে আশ্রয় নিতে গেলে তাকে শারীরিক নির্যাতন করা হয়। এখন বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ওই তরুণী।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী ওই তরুণী জানান, ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করাকালে ফেইসবুকে পরিচয় হয় একই এলাকার পীর মামুনের ছেলে আবদুর রহিমের সঙ্গে। আবদুর রহিম প্রেমের সম্পর্ক তৈরি করে গত ৫ বছরে তাকে কয়েকবার ধর্ষণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে সব যোগাযোগ বন্ধ করে দেয় আবদুর রহিম। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বৈঠকেও বিচার না পেয়ে উলিপুর থানায় আবদুর রহিমের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু থানায়ও প্রতিকার না পেয়ে গতকাল সকালে বিয়ের দাবি নিয়ে আবদুর রহিমের বাড়িতে গেলে তাকে বেধড়ক মারপিট করে আবদুর রহিমের ভাই-ভাবি ও পরিবারের সদস্যরা।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর বলেন, ‘ছেলের পরিবারকে বলেছি আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে উপস্থিত করতে। কিন্তু সে আল্টিমেটাম তারা মানেনি।’