ব্যবসায়ীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা

পাবনায় ব্যবসায়ীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শামস ইকবাল নামে এক ব্যবসায়ীর সাহসিকতায় ছিনতাইকারীরা ব্যর্থ হলেও গুলিবিদ্ধ হয়েছেন তিনি। আহত শামস ইকবালকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী শামস একটি মোবাইল অপারেটর কোম্পানির আঞ্চলিক ডিলার। তিনি মালঞ্চি গ্রামের এস এম সারওয়ার হোসেনের ছেলে। ব্যবসায়ী শামস ইকবাল জানান, রাতে তিনি আতাইকুলা এলাকা থেকে ব্যবসায়িক লেনদেনের ১৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে পাবনায় ফিরছিলেন। হঠাৎ রাজাপুর এলাকায় একটি এলপিজি গ্যাস স্টেশনের সামনে পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহীরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। 

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।’