দেশে দেশে জাতিগত দাঙ্গা এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ঢাকায় মানববন্ধন কর্মসূচী করেছে হিউম্যানিস্ট সোসাইটি অব বাংলাদেশ। রবিবার (২ অক্টোবর) জাতীয় জাদুঘরের সামনে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিশ্বে চলমান যুদ্ধ বন্ধের এ আহ্বান জানানো হয়।
মানববন্ধন কর্মসূচীতে আন্তর্জাতিক অহিংস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংবৃতা আবৃতি সংগঠনের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিস্ট সোসাইটির সাংগঠনিক সম্পাদক এম.শামসুদ্দোহা। মিজানুর রহমান পাশা’র সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সেলিম রেজা, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও হিউম্যানিস্ট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. শাহেদ উল্লাহ, সহ-সভাপতি আইয়ুব আনসারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জসিম, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. আরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক গোলাম মওলা হিরণ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, রবীন্দ্র ভারতী প্রাক্তণী একেএম সীমান্ত ও সংগীত শিল্পী সাব্রিনা খান তন্দ্রা প্রমূখ।
অনুষ্ঠানে যুদ্ধ বিরোধী প্রতিবাদী কবিতা পাঠ করেন চয়ন ও হাম্মাদ।
মানববন্ধনে বক্তারা বিশ্বব্যাপী মহামারী করোনা পরবর্তী চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে তৈীর হওয়া অস্থিরতার সমালোচনা করে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।
বিশ্বে ক্রমবর্ধমান পারমানবিক অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করে ক্ষুধা ও দারিদ্রপীড়িত এবং জলবায়ু পরিবর্তনের শিকার অভিবাসীদের রক্ষায় উন্নত দেশগুলোর প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, সারা বিশ্বে অহিংস আন্দোলন এবং যুদ্ধমুক্ত পৃথিবী নিয়ে কাজ করা আন্তর্জাতিক মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিস্ট সোসাইটি অব বাংলাদেশে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনমান উন্নয়নের পাশাপাশি অহিংসতা চর্চা নিয়ে কাজ করে যাচ্ছে।