শিরোপার কাছে গিয়েও পারলেন না সিদ্দিকুর

প্রায় তিন বছর পর কোনো বড় আসরে শিরোপার খুব কাছাকাছি গিয়ে শেষ করতে পারলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। তাইওয়ানে মারকিউরিয়াস মাস্টার্সে তৃতীয় হয়ে শেষ করেছেন বাংলাদেশের এই গলফার, ১০ লাখ ডলার প্রাইজ মানির এই আসরে যৌথভাবে তৃতীয় হয়ে সিদ্দিক পেয়েছেন ৬০ হাজার ডলার।

শেষ রাউন্ডে চাপের মুখে ভেঙে পড়ার একটা প্রবণতা আছে সিদ্দিকের। অতীতে অনেকগুলো আসরেই প্রথম কয়েক রাউন্ডে ভালো করার পর শেষ দিনে শিরোপার রেস থেকে ছিটকে যেতে দেখা গেছে এই গলফারকে। তাইওয়ানে শেষ রাউন্ডটা সিদ্দিক খুব ভালো না করলেও একেবারে খারাপও করেননি। চতুর্থ রাউন্ডে খেলেছেন ১ আন্ডার পার। অনেকটা নিরাপদেই খেলে গেছেন সিদ্দিক, একটা বোগি আর দুটো বার্ডিতে -১ স্কোরে শেষ করেছেন শেষ রাউন্ডটা। সব মিলিয়ে ৯ আন্ডার পার স্কোর করে থাইল্যান্ডের সাইত সুওয়ানারুতের সঙ্গে যৌথভাবে হয়েছেন তৃতীয়। চলতি বছরে এটাই সিদ্দিকের সেরা সাফল্য। এমনকি গত কয়েক বছর মিলিয়েও শিরোপার এত কাছাকাছি আসতে পারেননি সিদ্দিক। তাইওয়ানে জেতার আগে দক্ষিণ কোরিয়াতে শিনহান ডংহি ওপেনে ৩২তম হয়ে ৮৭০০ ডলার জিতেছিলেন সিদ্দিক, সেটাই ছিল তার সর্বোচ্চ আয়।