ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পারের স্টেডিয়াম নির্মাতা প্রতিষ্ঠান পপুলাসের সঙ্গেই পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির পরিচালক ও কর্মকর্তারা।
কাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বিসিবির বোর্ড সভায় চুক্তি অনুমোদনের সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুস, ‘চুক্তি সইয়ের পরই দিনক্ষণ শুরু হয়ে যাবে, ছয় মাসের ভেতর তাদের কাজ শুরু করতে হবে।’ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছন, চুক্তির দিনক্ষণ চূড়ান্ত না হলেও বিসিবি চুক্তি করতে প্রস্তুত। এখন যেকোনো সময়েই চুক্তি হতে পারে ‘ড্রয়িং এবং ডিজাইনের জন্য একটা সময়সীমা দেওয়া আছে, যেটা ছয় মাস। চুক্তি সইয়ের পর থেকে ৩০ মাসের ভেতর এই কাজ শেষ করতে হবে। আমরা যত দ্রুত পারি কাজটা করতে চাই।’
এদিকে, বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি নিজেদের ওয়েবসাইটের মাধ্যমেই বিক্রি করতে চায় বিসিবি, ‘বিশ্বকাপের জার্সি আমাদের মাথায় আছে অনলাইনে বিক্রি করার, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। একটু আনুষ্ঠানিকতা বাকি আছে। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেই (বিক্রি) করব, কাউকে আউটসোর্স করিনি।’