সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীনকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে গতকাল রবিবার সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের পক্ষ থেকে মাছুরাকে ১ লাখ টাকা ও জেলা পুলিশের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের পারিবারকে সবসময় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এ সময় মাছুরার বাবা মো. রজব আলী ও পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি।
পরে জেলা পুলিশের আয়োজনে মাছুরা পারভীনকে সংবর্ধনা প্রদান করে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (সার্বিক) অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।