দেশের বাজারে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি, যা আগে ছিল ১ হাজার ২৩৫ টাকা। গতকাল রবিবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়।
ঘোষণার পর থেকেই নতুন দাম কার্যকর বলে জানানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এলপিজির নতুন দাম ঘোষণা করেন। এর আগে সেপ্টেম্বরে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। চলতি মাসের জন্য গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।