জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে খাইরুল ইসলাম শাকিল (৩০) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মেলান্দহ পৌর শহরের মেঘারবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাচপয়লা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা মজিবুর রহমান বলেন, ভোরে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে খবর পেয়ে এসে দেখি আমার ছেলেই মারা গেছে।
জামালপুর রেলওয়ে থানার ওসি মো.গুলজার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যুর সাধারণ ডায়েরি করা হয়েছে।