লন্ডন প্রবাসী সাত ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে সভা করেছেন ভয়েস ফর জাস্টিস, ইউকে ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
গত রবিবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের উডেহাম কমিউনিটি হলে এ প্রতিবাদ সভা হয়।
সভায় বক্তারা বলেন, যারা এ মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্যথায় দেশে বাংলাদেশিদের নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলনের ডাক ও সরকারী সংস্থা বয়কটের আহ্বান জানান প্রবাসীরা।
বক্তারা বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ওপর জুলুম-নির্যাতন বেড়েই চলছে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে না। বাংলাদেশের ভোটের তালিকায় নাম নেই। বাংলাদেশ হাইকমিশনে, বিমানবন্দরে, জায়গা-সম্পত্তি দখল করে নির্যাতন করা হচ্ছে। ঘুষ ছাড়া কোনো কাজ করা যায় না। সিলেটে ব্রিটিশ পাসপোর্টধারীদের পোর্ট ভিসা না দিয়ে হয়রানি করা হচ্ছে। পাসপোর্টে পুলিশ ভেরিফিকশনের নামে অত্যধিক ঘুষ দাবি করা হচ্ছে। দেশে প্রবাসীরা সুবিচার পাচ্ছেন না। সবাই প্রবাসীদের লুটেপুটে সব কিছু আত্মসাৎ করতে চায় ।
তারা বলেন, ‘এসব সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছি। যদি বাংলাদেশে প্রবাসী নির্যাতন অব্যাহত থাকে, তাহলে প্রবাসে মন্ত্রী-এমপিদের বয়কট ও বাংলাদেশ হাইকমিশনসহ সরকারি সব সংস্থাকে বয়কট করা হবে। প্রবাসীদের নিজের ও পরবর্তী প্রজন্মের অস্তিত্ব রক্ষার স্বার্থে সব প্রবাসী বাংলাদেশিদের দল-মত নির্বিশেষ ঐক্যবদ্ধভাবে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে।’
ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের সভাপতি ও শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, সাপ্তাহিক বাংলা পোস্টের অনারারি চেয়ারম্যান শেখ মো. মফিজুর রহমান, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আ ম ওহিদ আহমদ, কাউন্সিলার ওসমান গনি, কাউন্সিলার জাহেদ চৌধুরী, কমিউনিটি নেতা হাজী হাবিব, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী ও সেক্রেটারি খোন্দকার সাইদুজ্জামান সুমন, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ, জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, ভয়েস ফর জাস্টিসের নেতা মো. আফসর মিয়া ছুটু, আমীর উদ্দিন আহমদ মাস্টার, মাওলানা রফিক আহমদ, হাজী ফারুক মিয়া, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, ইন্জিনিয়ার আবুল হোসেন প্রমুখ ।