ছাগল চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার যুবলীগ নেতা

ছাগল চুরি করে পালানোর সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর যুবলীগের নেতা ও তার এক সহযোগী গণপিটুনির শিকার হয়েছেন।

গত রবিবার দুপুরে রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে। এই গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যুবলীগের ওই নেতার নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি পীরগঞ্জ পৌর যুবলীগের সদস্য। তবে নিজেকে পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। হাবীবের বাড়ি পীরগঞ্জ শহরের গুয়াগাঁও মহল্লায়। তার সহযোগী মিরাজুল ইসলামের বাড়ি একই উপজেলার তাজপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার হাবীব তার সহযোগী মিরাজুলকে নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আমবাগান থেকে ছাগল চুরি করে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার সময় রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে জনতার হাতে ধরা পড়ে।

ছাগলমালিক মকবুল হোসেন জানান, মহেশপুরের একটি আমবাগান থেকে তার একটি ছাগল মোটরসাইকেলে  তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন হাবীব ও মিরাজুল। তখন এক প্রতিবেশীসহ তিনি মোটরসাইকেলে করে তাদের ধাওয়া দেন এবং নেকমরদ বাজার এলাকায় জনতার সহায়তায় তাদের আটক করেন। পরে জনতা তাদের গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়। গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে যুবলীগের অভিযুক্ত নেতা হাবীবুল্লাহ হাবীবের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে।

পীরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু জানান, হাবীবের অপরাধের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হবে।