বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে দুইজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৮টায় শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক বগুড়ার শেরপুর উপজেলার সড়ো গ্রামের জামাল হোসেনের ছেলে। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা আর কে ট্রাভেলস নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এ খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
একই সঙ্গে আর কে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই বাসের চালকসহ ছয়জন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যান।
শাজাহানপুর থানার এসআই আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই আহত ছয়জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক নামে একজন মারা গেছেন। এ ছাড়া আনোয়ার নামে একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।